আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার অবৈধ সরকার না ,জনগণের নির্বাচিত সরকার। বিএনপি অবৈধ দখলদারি খুনিদের দল।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকালে রাজশাহীর চারঘাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসএম কামাল হোসেন বলেন, শেখ হাসিনার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। শেখ হাসিনার দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া থেকে খালেদা জিয়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছে, জনগণের তোপের মুখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে পাঁচ বছর দেশ পরিচালনা করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা জনগণের আস্থা ও ভালোবাসার প্রতি বিশ্বাস রাখে, মনে করেন জনগণই ক্ষমতার উৎস। যারা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলে, সেই বিএনপির নেতা জিয়াউর রহমান অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল এবং নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের বিচারের নামে প্রহসন করে হত্যা করেছিল।










