স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে। আওয়ামী লীগসহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কী করবে না, এটি তাদের নিজস্ব বিষয়। এবার যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সে জন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন, যাতে ইভিএম মেশিনে নির্বাচন হয়।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী ঠাকুরগাঁওয়ে ওসি কর্তৃক শিশু হত্যার বিষয়ে বলেন, নির্বাচনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলি করে। এ ঘটনায় একটি শিশুর মায়ের কোলেই মৃত্যু হয়। আমরা তদন্ত করে দেখব কারো কোনো গাফিলতি আছে কি না। তদন্তে কারও কোনো গাফিলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।










