এস এম সাইফুল ইসলাম: কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে ৩১ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এতে ধর্মীয় আলোচনার পাশাপাশি সংগঠনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কওমী মাদরাসার বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে৷
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২ টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এই মহাসম্মেলন৷ এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি ও কুমিল্লা বট্টগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হক। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের সভাপতি মুফতী নাজমুল হাসান।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ ভারতের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ আলম গৌরকপুরী ও আসামের মাওলানা সোহরাব আলী খান কাসেমী৷
কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলনে বয়ান করবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মিরপুর ঢাকা আকবর কমপ্লেক্স মাদরাসার মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন ও জামিয়া রাহমানিয়া আজিজিয়া ঢাকার মুহতামিন মাওলানা মাহফুজুল হক। এছাড়াও দেশ বরেণ্য এবং স্থানীয় উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।











