বাংলাদেশকে আরও ৩০ লাখ (৩ মিলিয়ন) ফাইজারের টিকা দিয়েছে আমেরিকা। এ নিয়ে দেশটি বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন করোনা টিকা দিয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানায়।
এতে বলা হয়, আমেরিকা বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এ টিকা বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
এ নিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৬০৩ জন মানুষ। এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন।









