আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে টোল বা কোনো ধরনের ফি দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি নামে পরিচিত এই আঞ্চলিক জোটের বৈঠক সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানান জিসিসির মহাসচিব জাসিম মুহাম্মাদ আল-বাদায়ুবী।
বিবৃতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে ‘অবৈধ’ উল্লেখ করে তিনি বলেন, জিসিসি এবং এর সদস্য রাষ্ট্রগুলো এ ধরনের টোল আদায়কে প্রত্যাখ্যান করছে।
হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি











