বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেছেন, আমরা সবার কাছে করে একটা ম্যাসেজ দিতে চাই, যারা আমরা স্বচ্ছল, আসুন আমরা সবাই মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই কথাটি যেন আমরা মানুষ হিসেবে প্রমাণ করতে পারি। যারা ভাল অবস্থায় আছি, তারা অবশ্যই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।
গতকাল সোমবার বার (২৭ জুন) বিকালে কুড়িগ্রামের বিভিন্ন চর অঞ্চলে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফিরে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর তত্ত্বাবধানে দলের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হুসাইন এর নেতৃত্বে গত রবিবার-সোমবার কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্পটে বন্যায় ক্ষতিগ্রস্ত
প্রায় ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহ ১০ লক্ষাধিক টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত ২৫ জুন শনিবার রাত ৮টায় দলের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর দোয়ার মাধ্যমে এ কাফেলা যাত্রা শুরু করে। ত্রাণের টিমে খেলাফত আন্দোলন ৫৬ নং ওয়ার্ড সেক্রেটারী মুফতি সাইফুল্লাহ নোমানী, মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতি আব্দুর রহমান সারওয়ার, মুফতি মুহাম্মদুল্লাহ নোমানী, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি ইসমাইল হুসাইন, মুফতি আব্দুল আউয়াল, মুফতি আবু বকর, মুফতি সিদ্দিকুর রহমান সাইফী ও মাওলানা কামাল উদ্দীন নোমানী সহ প্রায় ৩০ জন যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিম প্রধান মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, যে তৃপ্তি সহকারে আহার করে আর তার প্রতিবেশি ক্ষুধার্ত ও অনাহারে অভূক্ত থাকে।’
তিনি আরো বলেন, বিপদের দিনে আমাদের সবাইকে এসব বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। চরের মানুষ খুবই দুঃখী মানুষ। তিস্তা অববাহিকা সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের চরাঞ্চলের বন্যার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি এনজিও ও সামাজিক সংগঠনগুলোকে আরো ব্যপকভাবে ও স্থায়ী পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, যারা বন্যায় আক্রান্ত তাদের পরীক্ষা করছেন ক্ষুধা, ভয়, সম্পদহানির মাধ্যমে; আর আমাদের পরীক্ষা করছেন বন্যাকবলিতদের বিপদে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দিয়ে। আবদুল্লাহ ইবনু আমর (রা.) সূত্রে বর্ণিত, নবী (সা.) বলেন, দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। (আবু দাউদ, হাদিস : ৪৯৪১)











