আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।
শনিবার (২৭ জুন) রাতে মেরিল্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে ‘অপদার্থ’ বলে অভিহিত করেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও আত্মমুগ্ধতার অভিযোগ তোলেন তিনি।
প্রায় ১০ মিনিটের বক্তব্যে বাইডেন বিশেষভাবে হোয়াইট হাউস সংস্কার নিয়ে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেন।
তিনি বলেন, ট্রাম্পের ‘আত্মপ্রচারমূলক প্রকল্পের’ মধ্যে রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে একটি তোরণ নির্মাণ এবং রিফ্লেক্টিং পুল সংস্কারের জন্য নিজস্ব ঠিকাদার নিয়োগ।
এসবের সমালোচনা করে বাইডেন বলেন, ‘কী এক অপদার্থ।’
তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ট্রাম্পের অবস্থানেরও কঠোর সমালোচনা করেন।
বাইডেনের অভিযোগ, ট্রাম্প করদাতাদের অর্থ দিয়ে ওই হামলাকারীদের ক্ষতিপূরণ দিতে চান।
তার ভাষায়, তাদের ক্ষতিপূরণ নয়, দীর্ঘদিন কারাগারে থাকা উচিত।
বাইডেন আরও বলেন, হোয়াইট হাউসের রিফ্লেক্টিং পুলটি এই প্রশাসনের মূলে থাকা আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়েও খারাপ কিছু প্রতিফলিত করে। আর তা হলো ‘দুর্নীতি, দুর্নীতি, নির্লজ্জ, প্রকাশ্য দুর্নীতি’।
তিনি দাবি করেন, আমেরিকার ইতিহাসে কোনো প্রশাসনেই এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি বাইডেনের প্রথম বড় রাজনৈতিক জনসমাবেশগুলোর একটি। এই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।
সূ্ত্র: ইয়েনি শাফাক











