আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় জানিয়েছেন, আসন্ন শীতকালকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন যে ভয়াবহ জ্বালানী সংকটে পড়তে যাচ্ছে তার দায়ভার রাশিয়ার নয়।
তিনি বলেন, ইউরোপ যে বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছে সেজন্য মস্কোর কোনো দায় নেই।
উলিয়ানোভ দৃশ্যত ইউরোপীয় ইউনিয়েনের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের এক টুইটার বার্তার জবাব দিতে গিয়ে একথা বলেন তিনি।
এর আগে বোরেল তার বার্তায় বলেছিলেন, রাশিয়ার সঙ্গে সৃষ্ট সমস্যার কারণে ইউরোপকে এখন ত্রিমুখী সংকট মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
এ ব্যাপারে উলিয়ানোভ তার টুইটার বার্তায় বলেন, ওই ত্রিমুখী সংকট দৃশ্যত মানব-সৃষ্ট এবং যে মানবেরা এজন্য দায়ী নিঃসন্দেহে তারা রাশিয়ার কেউ নন।
রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপ যে ভুল করেছে সেজন্য রাশিয়ার ওপর দোষ চাপানো খুবই সহজ। কিন্তু এর মাধ্যমে চলমান সংকটের মূল কারণ খুঁজে বের করে তার সমাধান করা সম্ভব হবে না।
সূত্র: পার্সটুডে











