বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী রাষ্ট্র তথা খেলাফত প্রতিষ্ঠা হলে সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের অধিকার নিশ্চিত হবে। এছাড়া দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হবে। খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি, অশ্লীলতা, তরুণ ও যুব সমাজের অবক্ষয় শূন্যের কোঠায় নেমে আসবে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ খিলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি স্থাপন করতে হলে জনসাধারণের মধ্যে ইসলামের সঠিক আদর্শ ও অনুশাসনের ব্যাপক প্রচার-প্রসার এবং অনুশীলনের কোনও বিকল্প নেই। তিনি কুরআন সুন্নাহর আলোকে খেলাফত পদ্ধতির শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও মহানগর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মুহিউদ্দীন, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর যুগ্ম সাধারণ এডভোকেট মুহাম্মাদ লিটন চৌধুরী, মহানগর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।












