দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদামাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবানীতে মাওলানা রেজাউল করিম বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী সাহেব একজন বরেণ্য ও প্রথিতযথা আলেমেদীন ও শায়খুল হাদীস ছিলেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ব্যাপক কাজ করেছেন। ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুশমন কাদিয়ানী বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছেন। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালের পর তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়ে সকলস্তরের আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন। তিনি চরমোনাই বার্ষিক মাহফিলেও অংশগ্রহণ করে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে মূল্যবান বয়ান করেছেন।
চরমোনাই পীর বলেন, মরহুম নূরুল ইসলাম জিহাদী সাহেব দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি অসংখ্য মাদরাসা, মসজিদসহ দীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার হাজার হাজার ছাত্র বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তার ইন্তেকালে দেশবাসী দ্বীনের একজন দরদি অভিভাবককে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরক্ত সকলকে সবর করার তওফিক দান করুন, আমীন।
এদিকে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও দুআ করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।










