ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে উড্ডয়নের আগে একটি ফ্লাইটে ভারতীয় যাত্রীদের মারামারির একটি ভিডিও ভাইরাল হয়েছে। মূলত যাত্রী কেবিন ক্রুর নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করতে অস্বীকার করার পরে ওই ঝগড়া ও মারামারি শুরু হয় বলে এয়ারলাইন্স জানিয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে আসা এক ফ্লাইটে এই ঘটনা ঘটে। ঝগড়া ও মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এনডিটিভি বলছে, একজন ক্রু টেক-অফের জন্য যাত্রীদের তাদের আসন সোজা করতে বলেন। তবে একজন যাত্রী তার পিঠে ব্যাথা আছে বলে তার আসন সামঞ্জস্য করতে অস্বীকার করেন।
প্রতিবেদনে বলা হয়, ক্রু বারবার ওই যাত্রীকে অনুরোধ করেন এবং তাকে টেক অফ ও অবতরণের সময় সিট সোজা করার পেছনে যুক্তিও ব্যাখ্যা করেন। এমনকি তাকে বলা হয়, জরুরি পরিস্থিতিতে হেলান দেওয়া আসন পরিস্থিতিকে কঠিন করে তুলতে পারে। তবে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই যাত্রী তা মানেননি এবং তার সিট হেলান দিয়েই বসে থাকেন। তবে নিয়ম না মানলে ক্রুরা ক্যাপ্টেনকে বিষয়টি জানাতে বাধ্য হবেন বলেও তাকে সতর্ক করা হয়।
পরে অভিযুক্ত ওই যাত্রী ক্রুকে জানিয়ে দেন, তারা চাইলে ক্যাপ্টেনকে বলতে পারেন কিন্তু তিনি তার আসন সামঞ্জস্য করবেন না। একপর্যায়ে অন্যান্য যাত্রীও ওই ব্যক্তি সম্পর্কে অভিযোগ করতে শুরু করেন এবং তাদের মধ্যে একজন অভিযুক্তের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে যা অল্প সময়ের মধ্যেই মারামারিতে রূপ নেয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাপ্টেনকে ঘটনার কথা জানানোর পর টেক-অফ বিলম্বিত হয়। অবশ্য মারামারি বন্ধ হওয়ার পর জড়িত যাত্রীরা তাদের আসনে ফিরে গেলে প্লেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। এই ঘটনায় কোনও যাত্রী গুরুতর আহত হননি। আরও বলা হয়েছে, মারামারিতে জড়িত যাত্রীদের কাউকেই ফ্লাইটে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা হয়নি।











