ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জাতীয় বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক মুহাম্মদ হানিফ হামজাহ বলেছেন, কয়লা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী চীন।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চীনের চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দলের সাথে এক বৈঠক পরবর্তী তিনি একথা জানান।
বৈঠকে চীনা প্রতিনিধি দলটি জানায়, আফগানিস্তানের যে কোনো প্রদেশে তারা বিনিয়োগের উদ্দেশ্যে তাদের উৎপাদন ও প্রযুক্তিগত সরঞ্জাম স্থাপন করতে প্রস্তুত।
প্রতিনিধি দলটি আরো বলেছে, বিশ্বের ১১ টি দেশে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক হানিফ হামজাহ বলেন, উভয় পক্ষের যৌথ কারিগরি দল আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়ে মত বিনিময় করবে। পরবর্তীতে বিষয়টি আমিরুল মুনিনিন বা ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদার কাছে উপস্থাপন করা হবে।
তিনি আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের জন্য প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











