spot_img

ডিবি অফিসে খাবার খাওয়া নিয়ে যা বললেন গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, চিতায় ওঠার আগে যেন এ সরকারের পতন দেখে যেতে পারি।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা ডিবির কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল, সেই খাবার খাইনি। ডিবিপ্রধান হারুন অর রশীদের জন্য বাসা থেকে পাঠানো খাবারই খেয়েছি।

রোববার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে নিজস্ব কার্যালয়ে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ডিবি কার্যালয়ে তার জন্য যে খাবারের আয়োজন করা হয়, তা তার স্বাস্থ্যের জন্য উপযোগী ছিল না। এছাড়া এ খাবার নিয়ে তার সন্দেহও ছিল। সে কারণে তিনি আর ওই খাবার খাননি।

তিনি বলেন, ডিবিপ্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় তার জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা খান তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, ডিবিপ্রধান আমাকে অনুরোধ করেছেন, রুই মাছটি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। যেহেতু ডিবিপ্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হলো- এটা যদি খাই, তাহলে সমস্যা হবে না।

তিনি বলেন, যারা কাজটি করেছে এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক, এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় ‘খাইয়ে খোটা দেওয়া’। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ওই রকমই। আমার বাড়িতে তো বিভিন্ন সময় অনেক লোক খায়। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। কিন্তু এ খাবারের ছবি উঠিয়ে কি আমি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেকো? এটা কি আমার জন্য ভালো হবে?

গয়েশ্বর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এত টাকা নেই যে, গয়েশ্বরকে কিনতে পারে। সরকার গ্রেফতার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে, এ শক্তি সরকারের রয়েছে। কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ