গত শুক্রবার (২৮ জুলাই) বাইতুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত শান্তি সমাবেশ শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্রে তুমুল সংঘর্ষে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করিমের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
আজ রোববার (৩০ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কথিত গণতান্ত্রিক অপরাজনীতির শিকার হয়ে জীবন দিতে হলো মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করিমকে। অথচ তিনি আওয়ামী লীগসহ কোন রাজনৈতিক দলের কর্মী নন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, অবিলম্বে এই নিরীহ, নিরপরাধ মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় মাদরাসা ছাত্র হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা ফুঁসে উঠবে যা সরকার সামাল দিতে পারবে না।
পারিবারিকভাবে আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পূর্বে বিভিন্ন মসজিদে গিয়ে টুপি-আতর, তাজবীহ ইত্যাদি বিক্রি করতো হাফেজ রেজাউল। গত শুক্রবার গুলিস্তানের গোলাপ শাহ মসজিদের সামনে বিক্রি শেষ করে মাদরাসায় ফেরার পথে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে দুই পক্ষের সংঘর্ষের আটকে পরলে আওয়ামী লীগের এক গ্রুপ অপরগ্রুপের কর্মী ভেবে তাকে পিটিয়ে হত্যা করে।










