গাজ্জা উপত্যকায় দখলদার ইহুদিবাদী সসন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা ও গোলাবর্ষণে বুধবার অন্তত ৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। সর্বশেষ হামলায় গাজ্জা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় মন্ত্রিসভা কার্যালয়ের কাছে একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে দখলদার ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গাজ্জার বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর এসব হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। সাফা নিউজ এজেন্সির সংবাদদাতা তাল আল-হাওয়ার হামলার তথ্য জানিয়েছেন। বাসটি একটি আকলাহর সঙ্গে সংযুক্ত ছিল।
গাজ্জা শহরের পশ্চিমাঞ্চলে আল-শিফা হাসপাতালের আশপাশে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে দখলদার ইসরাইলি যুদ্ধবিমান হামলায় ইমান আবদুল আলাল নামে এক ফিলিস্তিনি নারী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের দক্ষিণ-পূর্বে আবু আল-আজাইন এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দক্ষিণ গাজ্জার খান ইউনিস শহরের পশ্চিমাঞ্চলে ড্রিম প্যালেস হলের আশপাশে ইসরাইলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজ্জা শহরের উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের সমুদ্র এলাকায় কাজ করার সময় ইসরাইলি ‘কোয়াডকপ্টার’ ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে এক জেলে আহত হয়েছেন।
এ ছাড়া দক্ষিণ গাজ্জার খান ইউনিস শহরের দক্ষিণে কিজান রাশওয়ান এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন।
গাজ্জা শহরের পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় ইসরাইলি গোলাবর্ষণের স্প্লিন্টারে তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
মধ্য গাজ্জার আল-বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর-পূর্বে ইসরাইলি সামরিক যান থেকে গুলি চালানো হলে এক ফিলিস্তিনি আহত হয়েছেন।
মধ্য গাজ্জার দেইর আল-বালাহ শহরের পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনী কামানের গোলাবর্ষণ করেছে। এ সময় দেইর আল-বালাহর রামজুন এলাকার পূর্বে একটি বাড়িতে কামানের গোলা আঘাত হানে। ইসরাইলি কামান থেকে ওই এলাকায় কয়েকটি আলোকবোমাও নিক্ষেপ করা হয়েছে।
দক্ষিণ গাজ্জার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলে ইসরাইলি সামরিক যান থেকে গুলি চালানো হয়েছে। একই সময়ে ওই এলাকায় ইসরাইলি ট্যাংক থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।
দক্ষিণ গাজ্জার রাফাহ শহরে ইসরাইলি বাহিনী শহরের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে স্থাপনা ধ্বংসের অভিযান চালিয়েছে। একই সময়ে রাফাহর পশ্চিমাঞ্চলে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।
গাজ্জা শহরের পূর্বাঞ্চলীয় আল-তুফাহ এলাকায় ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। একই সময়ে শুজাইয়া এলাকায় দ্বিতীয় দফা বিমান হামলা চালানো হয়। বাগদাদ সড়কের ‘হলুদ রেখার’ ভেতরে থাকা আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
ইসরাইলি গোলাবর্ষণে শুজাইয়া এলাকার দাহের ও মুশতাহা ভবন দুটি ধ্বংস হয়েছে। এতে গোলাবর্ষণের স্প্লিন্টারে তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
এ ছাড়া শুজাইয়া মোড়ের আশপাশে ইসরাইলি ‘কোয়াডকপ্টার’ ড্রোন থেকে বেশ কয়েকটি শব্দবোমা নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে ওই এলাকায় ইসরাইলি বাহিনী ব্যাপক কামান হামলা চালিয়েছে।
গাজ্জা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে দখলদার বাহিনী আলোকবোমা নিক্ষেপ করেছে। একই সময়ে শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে কামান হামলা চালানো হয়েছে।
সূত্র: সাফা নিউজ এজেন্সি











