রাজশাহীর পুঠিয়ায় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ মুহাম্মাদ হৃদয় (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাব। সে সিংড়া উপজেলার চাঁদপুরের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
বুধবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাটশিবপুর জাগিরপাড়া কলাহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাটশিবপুর জাগিরপাড়া কলাহাটায় অভিযান চালায় র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। সেখানে হেরোইন বিক্রির উদ্দেশ্যে আগে থেকেই অপেক্ষা করছিলেন হৃদয়। র্যাব সদস্যরা পৌঁছামাত্রই কৌশলে পালানোর চেষ্টা করেন হৃদয়। কিন্তু তাকে ধরে ফেলেন র্যাব সদস্যরা।
র্যাব আরও জানায়, তার কাছে তিনটি পলিথিনে ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। র্যাবের জিজ্ঞাসাবাদে ওই যুবক দীর্ঘ দিন ধরে মাদক কারবারে যুক্ত থাকার কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।











