নেত্রকোণায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ওসি সহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। পরে আমাদের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ৭ নেতা-কর্মী আহত হয়।
মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ জানান, আমাদের নেতা-কর্মীদের দেখে বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। এতে আমাদের ৭ জন নেতা-কর্মীকে আহত অবস্থায় মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।
মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বিএনপি কর্মসূচি পালন করার খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেতেই বিএনপি নেতা-কর্মীরা আমাদের ওপর ইটপাটকেল ছুড়ে।











