আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সাধারণ জনগণদের বলেছেন, আপনারা বলেন এ কাজটা হলো না, ওটা লাগবে, এগুলো করে দেন। আমি বললাম আর হয়ে গেল, ব্যাপারগুলো কিন্তু এমন নয়। এগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চেষ্টা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।
তিনি বলেন, মন্ত্রণালয়গুলোতে বারবার কাজ নিয়ে যেতে হয়, বলতে হয় ভাই আমি বাংলাদেশ ক্রিকেট টিমে খেলেছি। আমার এলাকার এ কাজটা করে দেন প্লিজ। খেলেছি তো ক্রিকেট, এত ঝামেলা, এত কঠিন প্রক্রিয়া তো জানতাম না। এত জটিল কাজের মধ্যে তো আগে পড়িনি কখনো।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর মর্ডান একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, আপনাদের জন্য কে কাজ করছে তা আপনাদেরই দেখা উচিত। যে কাজ করছে সে চেষ্টা করছে কি না? আপনাদের নিজেদের সব তথ্য জানা উচিত, সব কাজ বুঝে নেওয়া উচিত। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে আমি থাকি বা না থাকি আমাদের নড়াইলের উন্নয়ন হবেই। একটা কথা আপনারা সবাই মনে রাখবেন, ওপরে আল্লাহ আর নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে। তিনি সব উন্নয়ন করছেন। নড়াইলের এমপি তো তিনি। আমি কিন্তু তার কর্মী ছাড়া আর কিছুই নই। তিনি আমাকে পাঠিয়েছেন যে, যাও নড়াইলে আমার (প্রধানমন্ত্রী) হয়ে কাজগুলো করে দাও।










