আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপি বুঝতে পেরেছে তাদের সঙ্গে জনগণ নেই। দশ লাখ মানুষের সমাবেশ করবে বলে তারা সেখানে বড়জোর ৫০ থেকে ৬০ হাজার মানুষ জমায়েত করতে পেরেছে। এরপর থেকেই বিএনপি হতাশ।
শনিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের পদলেহন করার নীতি অবলম্বন করেছে। সেটি করেও কোনো লাভ হয়নি। তারা যেভাবে মনে করেছিল বিভিন্ন রাষ্ট্র বা দূতাবাসের কর্মকর্তারা তাদের পক্ষে নানা ধরনের কথা বলবেন। কিন্তু সেটি হয় নাই। গত ১০ ডিসেম্বর তারা গাড়িতে আগুন দিয়েছে। এখনও সুযোগ পেলে একই কাজ করবে। তারা সেখান থেকে সরে আসতে পারেনি। তাদের উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। তবে দেশের জনগণ সেটি কোনভাবেই হতে দেবে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত গণমিছিলের নামে ঢাকা শহরে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু পুরো ঢাকা শহরজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। তাছাড়া বিএনপির প্রধান সহযোগী জামায়াত পুলিশের ওপর হামলা করেছে। তবে, পুলিশ বাহিনীর কারণে তারা সেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।










