পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান সভাপতি মাওলানা ফজলুর রহমানের ওপর গুরুতর অভিযোগ এনেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেছেন, মাওলানা ফজলুর রহমান মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, আমি আপনাদের সেবা দিতে প্রস্তুত আছি।
ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর এক নির্বাচনী সমাবেশে বক্তব্যে ইমরান খান এই অভিযোগ করেন।
ইমরান খান বলেন, মাওলানা ফজলুর রহমান মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন ক্ষমতায় গেলে প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবেন। অর্থাৎ; তিনি ক্ষমতায় গেলে পাকিস্তানের সেনাবাহিনীকে ঠিক করবেন! আজ পাকিস্তান টিকে আছে সেনাবাহিনীর কারণে।
পাক প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনীর কারণেই শত্রুরা আমাদের দেশকে তিন ভাগে ভাগ করতে পারেনি। কারণ আমাদের সেনাবাহিনী মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী।
উল্লেখ্য; পাকিস্তানে বিরোধী দল সমূহের নিয়ে গঠিত বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান-এর সভাপতি মাওলানা ফজলুর রহমান। এই জোটে আরো রয়েছে সেকুলার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজ (পিএমএল-এন)।
এদিকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পিডিএম। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে এ প্রস্তাব জমা দিয়েছেন তারা। গত মঙ্গলবার (৮ মার্চ) পাকিস্তানের পার্লামেন্টে এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। এই অনাস্থা প্রস্তাবের ওপর এখনো ভোটাভুটি হয়নি।
এরআগে গত বছরের মার্চেও একবার এই অনাস্থা ভোটের সম্মুখীন হয়েছিলেন ইমরান খান। সেবার অবশ্য তিনি ১৭৮টি ভোট তার পক্ষে পেয়েছিলেন। প্রয়োজনীয় ভোটের চেয়ে যা ৬টি বেশি ছিল।
সূত্র : ডেইলি জং











