বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, সভা-সমাবেশে বাধা দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এই কথা বলার পর আমাদের তিন জন মারা গেলো। প্রতিটি মিছিল মিটিংয়ে হামলা হলো। এর অর্থ হলো আপনি যা বলেন তা করেন না। তার উল্টোটা করেন।
তিনি বলেন, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। অনুমতি চাইলে বলে, এখানে মিটিং করা যাবে, ওখানে করা যাবে না। তাহলে আমরা কি গণভবন কিংবা বঙ্গভবনে মিছিল করবো?
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সোমবার রাজধানীর সুবজবাগে বিএনপির সমাবেশ আছে । এটা আমার এলাকা। সেখানে মিটিং করার জন্য অনুমতি চেয়েছি। অনুমতি না দিলেও মিটিং হবে। অনুমিত দিলে এক জায়গায় হবে। অনুমতি না দিলে একশ জায়গা হবে। কোনো কিছু ঘটলে তার দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
তিনি বলেন, আমাদের কর্মসূচি ছিলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। সেখানে আমাদের গায়ে সরাসরি হাত তোলা হচ্ছে। এরইমধ্যে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে কী দাঁড়াচ্ছে, এই দেশের মানুষ কথা বলতে পারবে না। সরকারের অকর্ম আর বেশি দিন সহ্য করা যাবে না। মানুষ ফুঁসে উঠেছে, রাজপথে নামতে চাই।










