বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো আন্দোলন সংগ্রামের রক্ত বৃথা যায় না। কোনো শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আগামী দিনে এই রক্তের হিসাব বর্তমান সরকারের কাছ থেকে এ দেশের জনগণ আদায় করে নিবে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি নেতা সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আল, শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়ালের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন এদেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৪ ও ১৮ নির্বাচন নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই। এই নির্বাচনে যে জালিয়াতি হয়েছে এত বড় জালিয়াতি শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্য কোনো রাষ্ট্রেও হয় নাই।
তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। মোমবাতি জ্বালানো অনুষ্ঠান তারা সহ্য করতে পারে না। অথচ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। এত নিরীহ কর্মসূচি বাংলাদেশে বোধ হয় আর নাই। সেই মোমবাতিটাও তারা নিভিয়ে দিতে চায়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপি’র সহ তথ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, জিনাফ সভাপতি লায়ন মিয়া, মোহাম্মদ আনোয়ার প্রমুখ।










