বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের টার্গেট হলো এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা। শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন নাকি সুষ্ঠু হবে। তার এ কথার মানে হলো, আগের নির্বাচনগুলোতে ডাকাতি হয়েছে। তাই তো?
তিনি বলেন, আমরা ভোটারবিহীন সরকার দেখেছি। খালেদা জিয়ার আহ্বানে নির্বাচন বয়কট করেছি। তখন ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। আর উনি (শেখ হাসিনা) বলেন, আগামী সুষ্ঠু নির্বাচন হবে। তার কথা এদেশের জনগণ বিশ্বাস করে না।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায় আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
সরকারের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, বিএনপির একটাই দাবি, অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, লেভেল প্লেয়িং ফিল্ড হোক। এরপর আপনারা রাস্তায় আসুন, সেখানে পরীক্ষা হবে।
তিনি বলেন, সরকার মেগা প্রজেক্ট করে, মেগা দুর্নীতি করে বিদেশে টাকা প্রচার করে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলেছে। ডলারের অভাবে বিদেশ থেকে আমদানি করা যাচ্ছে না। ফলে হঠাৎ করে সরকার জ্বালানি তেলের দাম শতকরা ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন। যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে তারা আওয়ামী লীগের সিন্ডিকেট। এ কারণে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।
খন্দকার মোশাররফ বলেন, গ্যাসের কারণে আমাদের মা-বোনেরা রান্না করতে পারছে না। শুধু গ্রামে নয়, রাজধানীতেও বিদ্যুৎ দিতে পারছে না সরকার। এ রকম রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে স্বৈরাচারী কারণে আজ দেশের অর্থনীতি ধ্বংসের কিনারায় চলে গেছে।










