spot_img

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠনের ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করতে হবে : ইসলামী আন্দোলন

রাজধানীর ইডেন কলেজে ছাত্রলীগের আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য, সাধারণ ছাত্রীদের হেনস্তা, মারামারিসহ নানা হয়রানিমূলকস কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এহেন ঘটনায় দেশের সচেতন অভিভাবক চরম উদ্বিগ্ন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে সরকার দলীয় ছাত্র রাজনীতির বলি হয়েছেন অনেকে। ইডেন কলেজে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারের যে লড়াই চলছে, তা বন্ধ না হলে শিক্ষার পরিবেশ ক্ষুন্ন হয়ে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রসমাজ নৈতিকতা হারিয়ে ধ্বংসের মুখে পতিত হবে। তিনি বলেন, ইডেন শাখা ছাত্রলীগ যেভাবে সাধারণ ও নিরীহ ছাত্রীদের ওপর হিংস্র আক্রমন করছে এবং দলীয় রাজনীতিতে অংশগ্রহণে চাপ প্রয়োগ করছে তাতে কোন সুস্থ ও বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। দলীয় কর্মসূচিতে যেতে না চাইলে সাধারণ ও নিরীহদের উপর ছাত্রলীগের খড়গহস্ত প্রসারিত হয়। এমনকি অনেকক্ষেত্রে অনৈতিককাজেও বাধ্য করে। যা ছাত্রলীগের অপর অংশের নেত্রীদের বরাতে মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এধরনের ঘটনা জাতি হিসেবে আমরা লজ্জিত না হয়ে পারি না। তিনি বলেন, ইডেনের ঘটনা ছাত্রলীগ কোনভাবেই দায় এড়াতে পারবে না।

তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য। কিন্তু ইডেন কলেজসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয় ছাত্র সংগঠন যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তা নিয়ে দেশের অভিভাবক মহলে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। তিনি বলেন, তাদের নোংরা রাজনীতির কারনে শিক্ষাঙ্গন ধ্বংসের মুখে। অনেক ছাত্র-ছাত্রীর জীবন ধ্বংস হয়েছে। দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রয়োজন। সুস্থধারার রাজনীতির অভাবে হিংসা প্রতিহিংসার রাজনীতির বলি হচ্ছে অনেক মায়ের সন্তান।

তিনি আরও বলেন, এসব দলীয় রাজনীতি এবং আধিপত্য বিস্তারের যে লড়াই শুরু হয়েছে তা বন্ধ হওয়া উচিত। নৈতিকতার অবক্ষয় কত দূর গেলে মেয়েরা এভাবে জনসম্মুখে মিডিয়ার সামনে মারামারি করতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সবধরনের উস্কানি, মাস্তানী, হল দখল, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্যসহ সকল অন্যায় কর্মকান্ড কঠোরহস্তে দমন করতে হবে। অন্যথায় মেধাহীন জাতি তৈরি হবে।

Attachments area

spot_img
spot_img
spot_img

সর্বশেষ