বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ছাত্রলীগের হামলায় পণ্ড হওয়য়ার পর হামলায় আহতদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও অবস্থান নেয় ছাত্রলীগ। এ সময় পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ অন্যরা আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।
বিন ইয়ামিন মোল্লা গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে আয়োজিত স্মরণ সভায় ছাত্রলীগের হামলায় আমাদের ১০-১৫ নেতাকর্মী আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানেও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হোন। ছাত্রলীগ আমাদের আটকে রাখলে পুলিশ এসে আমাদের ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জনকে শাহবাগ থানা পুলিশ তুলে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জন গুরুতর সহ মোট ২৪ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।










