আওয়ামী লীগ সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গুম-খুনের জন্য র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সরকারকেও নিষেধাজ্ঞা দিতে হবে। কারণ সরকারের নির্দেশেই এসব গুম-খুন করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ৯ দফা দাবিতে দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দলটির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে চট্টগ্রামের আওতাধীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা অংশ নেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।










