ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিদ্যুতের মূল্য ফের বৃদ্ধির ফলে বিদ্যুত খাতের দুর্নীতির দায় জনগণকে দিতে হচ্ছে।
তিনি বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা জনদুর্ভোগ আরো বাড়াবে। এটা ভোক্তা পর্যায়েও বাড়বে। সরকার দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দেবে, বিদ্যুতে প্রচুর ভর্তুকি দিচ্ছে সরকার, এত ভর্তুকি সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। আর বিদ্যুৎ খাতের বড় ভর্তুকি দেওয়া হচ্ছে বেসরকারি কিছু বিদ্যুৎকেন্দ্রকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ বাবদ। এতে সবখাতে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়ে জনগণের পকেট কাটা হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ বলেন, সরকার বিরোধী দল দমনে পরিকল্পিভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। হাতে পায়ে ব্রেরিয়ার পরানো আসামীকে ছিনতাই করে আইন শৃঙ্খলার নজর থেকে পালিয়ে থাকবে এটা সম্ভব নয়। নতুন কোন চক্রান্তের অংশ কিনা এ নিয়ে জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার ঘটনা স্মরণ করিয়ে দেয় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।










