আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তারা কী করতে চায় বা কী করতে পারে, সে সম্পর্কে আমাদের ধারণা আছে। সেসব মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটাই আছে। তাদের মোকাবিলা করা তাদের আমাদের জন্য কঠিন কোনো কাজ নয়।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষ সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১০ ডিসেম্বর তারা ভেবেছিল নয়াপল্টনের সামনে একটি সমাবেশ করতে পারবে, বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। সেটি তারা করতে পারেনি। ১০ ডিসেম্বরের পর বিএনপি বুঝতে পেরেছে তাদের শক্তি এবং সামর্থ্য কতটুকু। এরপরেও বিএনপি এ বছরও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার জন্য।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামানোর কথা বিএনপির নেতারা সবসময় বলেন। বর্তমান অবস্থা হচ্ছে বিএনপির সঙ্গে জনগণতো দূরের কথা, তাদের নেতা-কর্মীরাও নেই।










