বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে জয়ী হবোই হবো। সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। হাজারও নেতারা আটক রয়েছে, কিন্তু কারও মুখে ক্লান্তি, হতাশা দেখিনি, সবাই উজ্জীবিত। যতই নির্যাতন-নিপীড়ন আসুক, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যদিয়ে এই ভয়াবহ দানবকে (বর্তমান সরকার) পরাজিত করব।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা প্রাণ দিয়েছেন তারা একটি আদর্শ ও লক্ষ্যের জন্য প্রাণ দিয়েছেন। সে আদর্শ এবং লক্ষ্য হচ্ছে তার নিজের দেশ। সেই দেশকে মুক্ত করার জন্য, সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য।
তিনি বলেন, গত ২২ আগস্ট থেকে গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমরা যে কর্মসূচি শুরু করেছি, এই কর্মসূচিতে আমাদের ১৫ জন নেতাকর্মীর প্রাণ দিয়েছেন। এই ভয়াবহ অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক সরকার টিকে থাকার জন্য তারা অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। পুলিশের গুলিতে ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের নির্যাতনে প্রায় ১৫ জন ভাই মৃত্যুবরণ করেছেন। তারা বীরের মত, তারা কেউ পেছনে পালাতে গিয়ে শহীদ হননি, সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে তারা চলে গেছেন। আমাদের নেতা কর্মীদের উজ্জীবিত করেছে, আরও ত্যাগ স্বীকার করার জন্য সহকর্মীরা শপথ গ্রহণ করেছে।










