আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, বহু টাকা এ দেশ থেকে কানাডার বেগমপাড়া, দুবাইসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। বিদেশে টাকা পাচার বন্ধ করতে হবে।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাস্টমসবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সম্মেলন ২০২৩ উপলক্ষে “বাংলাদেশ কাস্টমস স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথী” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, আন্ডার ভয়েস, ওভার ভয়েসসহ নানাভাবে যে কেউ চাইলেই খুব সহজেই বিদেশে টাকা পাঠাতে পারে। এটিকে কঠোরভাবে দমন করতে হবে। এক্ষেত্রে রাজস্ব বিভাগের কর্মকর্তাদেরকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
রাজস্ব আরও বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, আগের তুলনায় রাজস্ব অনেক বেড়েছে, কিন্তু রাজস্ব- জিডিপি অনুপাতে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এটিকে আরও বাড়ানো উচিত। বিশেষ করে আয়করে আমরা এখনো সফল হতে পারিনি। সেজন্য, রাজস্ব বিভাগের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে।











