spot_img
spot_img

রাতেই তুরস্ক যাচ্ছে বাংলাদেশের ৬০ সদস্যের উদ্ধারকারী দল

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধারকাজে সহযোগিতার জন্য ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতেই রওনা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মাইন উদ্দিন।

তিনি বলেন, এর মধ্যে সার্ভিসের ১২ জন, ২৪ জন সেনাবাহিনীর, ১০ জন চিকিৎসকসহ ৬০ জনের একটি দল রাত ১০টার দিকে বিমানবাহিনীর সি-১৩০ বিমানে তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পুরান ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক।

মাইন উদ্দিন বলেন, তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্ক সরকার কর্তৃক আন্তর্জাতিক সাহায্য চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশনা প্রদান করেছেন। সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। এর আগে নেপালে পাঁচজন সদস্য গিয়েছিল।

বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ মন্তব্য করে তিনি বলেন, উদ্ধারকারী দল সেখানে ৭ দিন থাকবেন। হালকা যন্ত্রপাতি নিয়ে দলটি তুরস্কে যাচ্ছে।

গত সোমবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ১০ হাজার। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। পরের ২৪ ঘণ্টার মধ্যে আরও বেশ কয়েকটি আফটার শক হয়। এতে তুরস্ক ছাড়াও সিরিয়ায় ব্যাপক প্রাণহানি হয়। ধসে পড়ে হাজার হাজার ভবন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ