রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় জিসান বাঁধন নামে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ভোলার তজুমদ্দিন উপজেলার বাবুল মিয়ার ছেলে জিসান, ৪ ভাইয়ের মধ্যে সবার বড় ছিল।
জিসানের মামা মুহাম্মাদ সোহাগ জানান, গ্রামের একটি মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত জিসান। তার ছোট মামা অপুর বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে গাজীপুর গিয়েছিল সে। অনুষ্ঠান শেষে মামা অপু ও মামির সঙ্গে করে একটি মাইক্রোবাসে করে ঢাকার সদরঘাট যাচ্ছিল। সেখান থেকে লঞ্চে করে গ্রামে যাওয়ার কথা ছিল। পথে কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে রেললাইনের পাশে নামে সে। সেখানে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় সে।
তিনি আরও জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মুহাম্মাদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।











