রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ শিক্ষার্থীদেরকে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বঙ্গভবনের কেবিনেট হলে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো এক শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দিয়ে বলেন, নিয়মিত পড়াশোনা করবে, নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না।
রাষ্ট্রপতি আরও বলেন, তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে- যেটাই করো না কেন, ভালো করে করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ দেশকে ভালবাসতে হবে। এদেশের শিল্প ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। দেশের সত্যিকারের ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করতে হবে।
তিনি বলেন, তোমরা মুক্তিযুদ্ধের উপর ও যুদ্ধের রণকৌশলের উপর বিভিন্ন রকম বই আছে, সেগুলো পড়বে- তাহলে বিস্তারিত জানতে পারবে।
বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপতিকে তার অনুভূতি প্রকাশ করার জন্য এক শিক্ষার্থীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, এটা আমার জন্য একটা জেলখানা, কেননা আমার কোনও কিছুই স্বাধীনভাবে বলার বা করার কোনও সুযোগ নেই।











