আমেরিকার সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো আরও অন্তত ২০০ ব্যাংক পতনের ঝুঁকির মুখে রয়েছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বাইডেন প্রশাসন সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে নিমজ্জিত মার্কিন ব্যাংকিং খাতকে টেনে তুলতে একাধিক পদক্ষেপ নিলেও শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি দেশটি।
সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনীতিবিদের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট ও আরটি জানিয়েছে, প্রায় ২০০টি মার্কিন ব্যাংক পতনের শঙ্কায় রয়েছে। তহবিল তুলে নিতে ব্যর্থ হতে পারে ১৮৬টি ব্যাংক।
গুজবে ব্যাংক থেক টাকা তুলে নেওয়া, শেয়ার বাজারে ধস ও সুদের হার দ্রুত বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলো এমন বিপর্যয়ে পড়েছে বলে মন্তব্য অনেক অর্থনীতিবিদের।
নতুন এ সমীক্ষায়, মার্কিন বিশিষ্ট চারজন অর্থনীতিবিদ মনে করেছেন, সাম্প্রতিক সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলোর কাছে থাকা সম্পদের বাজারমূল্য ব্যাপক পতন ঘটেছে। যেসব কারণে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।











