spot_img
spot_img

সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজরা

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ের সাফল্য এনেছে বাংলাদেশের দুই হাফেজ। প্রতিযোগিতার পূর্ণ কুরআন হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে ফয়সাল আহমেদ। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল বা ৫২ লাখ ৬২ হাজার টাকা ও সম্মাননা পদক।

প্রতিযোগিতার চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে মুহাম্মাদ মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল বা ৩৫ লাখ ৮ হাজার টাকা ও সম্মাননা পদক।

স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার দিয়েছেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।

গত ২৫ আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্বের ১১৭টি দেশের  ১৬৬ জন প্রতিযোগী অংশ নেন।

হাফেজ ফয়সাল আহমেদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। সে পূর্ণ কুরআন হিফজ বিভাগে অংশ নিয়েছে।

মুহাম্মাদ মুশফিকুর রহমান পবিত্র কুরআনের ১৫ পারা হিফজ বিভাগে অংশ নিয়েছে। সে কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কুরআন হিফজ সম্পন্ন করেছে।

পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার বিচারক প্যানেলে প্রথম বারের মতো একজন বাংলাদেশি আলেম দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান এ দায়িত্ব পালন করেন। বিচারক প্যানেলে অন্যান্য বিচারকদের মতো মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ