যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদসহ ৩৩০ জনকে আগামীকাল বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ শরীফুল ইসলাম এক বার্তায় এই তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী উপকুলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৩০ সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু জানাননি বিজিবির জনসংযোগ কর্মকর্তা। তবে দুপক্ষের আলোচনার ভিত্তিতে ওই বিজিপি সদস্যদের কক্সবাজার থেকে সমুদ্রপথে মিয়ানমারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে আগেই জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রস্তুতির অংশ হিসেবে ৩৩০ জনের মধ্যে ১০০ জনকে গত ৮ ফেব্রুয়ারি বান্দরবানের তুমব্রু সীমান্ত এলাকা থেকে টেকনাফে স্থানান্তর করা হয়েছিল।











