প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সকালে সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে গেলে প্রথমে শাহবাগে তাদের বাধা দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় পরে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, সময় বাড়িয়ে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচী পালন করা হয়েছে।











