পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
এর আগে সকালে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও আলাদা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এদিকে, প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে জানানো হয়, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে।











