spot_img
spot_img

জামায়াতের নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট। সেই রায় এক যুগ পর বাতিল করে দেয় আপিল বিভাগ।

সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে রায় দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা ছিলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক।

ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফিরে এমনকি দলীয় প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী।

জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেয়, যা একই বছর আপিলে রূপান্তরিত হয়। রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিল জামায়াতে ইসলামী।

২০২৫ সালের ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ যুগান্তকারী এ রায় প্রদান করেন। এর ফলে দলটির নিবন্ধনের বৈধতা ফিরে আসে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পথ সুগম হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ