বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী মূলত সরকারের সঙ্গে থেকে সরকারের অংশ হয়ে কাজ করার জন্যই উপযুক্ত। তার ভাষায়, “সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা-বাণিজ্য করবে, ভালো থাকবে—এটাই তাদের রাজনীতি হওয়া উচিত।”
তিনি আরও দাবি করেন, ১৯৭১ সালের ভূমিকার কারণে জামায়াত রাজনৈতিকভাবে সামনে এগোতে পারবে না এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া বা প্রকৃত বিরোধী দল হওয়া তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।
তার মতে, দেশের স্বাধীনতা-সংক্রান্ত ইতিহাসের কারণে রাষ্ট্রযন্ত্রও জামায়াতকে পুরোপুরি সমর্থন দেবে না এবং জনগণের একটি অংশও তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
রাশেদ খান বলেন, জামায়াত পরিস্থিতি অনুযায়ী মাঝেমধ্যে রাজনৈতিক অবস্থান প্রকাশ করলেও বাস্তবতার কারণে তারা কৌশলী অবস্থানে থাকে।
প্রসঙ্গত, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।











