spot_img
spot_img

যেকোনো গাড়িতে বাতি লাগিয়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যেকোনো গাড়িতে বাতি লাগিয়ে সেটিকে অ্যাম্বুলেন্স হিসেবে পরিচালনার প্রবণতা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আধুনিক ও মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে আইনগত কাঠামো ও মানদণ্ড নির্ধারণের কাজ সরকার শুরু করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশে জরুরি অ্যাম্বুলেন্স সেবার সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা সংজ্ঞা নেই। এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন আইনগত কাঠামো ও মানদণ্ড নির্ধারণের ব্যবস্থায় অ্যাম্বুলেন্সে কার্যকর অক্সিজেন সরবরাহের সুযোগও রাখা হবে।

রোববার (৪ অক্টোবর) ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট’-এর সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে চলতি অর্থবছরে অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, কোভিড মহামারির অভিজ্ঞতা এবং ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত প্রস্তাবের পর মেডিকেল অক্সিজেনকে শুধু তাৎক্ষণিক চিকিৎসার চাহিদা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন স্বাস্থ্য নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশে চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের ব্যবস্থাপনাকে আমরা এমন এক মানে উন্নীত করতে চাই, যাতে বৈশ্বিক স্কোরকার্ডেও আমরা সাফল্যের প্রমাণ রাখতে পারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ