৭ বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর মাথা বিচ্ছিন্ন করে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ গ্রীন প্রার্টির আহ্বায়ক রিদওয়ান হাসান বলেছেন, বিচার নিশ্চিত না করে অপরাধ দমনের কথা বলা ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। বিচার দৃশ্যমান না হওয়াই মূলত ধর্ষণকে আরও বড় সামাজিক ব্যাধিতে পরিণত করছে।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার এক বার্তায় তিনি এ দাবি জানান।
রিদওয়ান হাসান বলেন, রামিসার বাবা শোকে পাথর হয়ে গেছেন। এ ঘটনায় রামিসার বাবা বিচার চান না বলে জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, বাংলাদেশে কোনো ধর্ষণের বিচার হয়েছে, এমন রেকর্ড নেই।
তিনি বলেন, রামিসার বাবার এই বক্তব্য শুধু নিজের মেয়েকে হারানোর শোক থেকে আসেনি; বরং এটি দেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতি গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ। তার এই ক্ষোভ এখন প্রতিটি নাগরিকের অন্তরের কথার মতোই প্রতিধ্বনিত হচ্ছে।
তিনি আরও বলেন, এর আগে শিশু ইরামনির ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ফাহিমা ও আছিয়ার ধর্ষকদেরও গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পর আলোচিত তনু ধর্ষণ মামলা নতুন করে খোলা হয়েছে। ১০ বছর পর তনুর কাপড়ে লেগে থাকা রক্তে আরেকজন পুরুষের উপস্থিতি পাওয়া গেছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে।
গ্রীন প্রার্টির আহ্বায়ক বলেন, অথচ এসব ঘটনার কোনোটিরই বিচার হয়নি। বিচার দৃশ্যমান না হওয়াই মূলত ধর্ষণকে আরও বড় সামাজিক ব্যাধিতে পরিণত করছে।











