spot_img

ভুলত্রুটির কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যেসব পরীক্ষাকেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যা হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। একই সঙ্গে আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চেয়েও তাদের পরীক্ষা সঠিকভাবে নেওয়া এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ে সরকার বেশি উদ্বিগ্ন।

সংসদে পরীক্ষা নিয়ে সৃষ্ট অসন্তোষ ও শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নেওয়া নিয়ে সরকার নিজেও বেশ চিন্তিত ছিল। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে আবহাওয়া অনুকূলে থাকবে বলে পূর্বাভাস পাওয়ার কারণেই পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু রেখেছে।’

তিনি জানান, পরীক্ষা চলাকালে দেশের কোনো কেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, কিছু জায়গায় পানি উঠলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এরপরও প্রশাসনের কোনো গাফিলতির কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে বা ক্ষতিগ্রস্ত হলে তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম বোর্ডে পরিস্থিতি বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে প্রয়োজন হলে যেকোনো ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনরায় পরীক্ষা নেওয়ার অবস্থান সরকারের রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের পথ পরিহার করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই অধিকার থেকে বঞ্চিত করা হবে না।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ