আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
আজ রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে দাখিল করা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা।
তিনি বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। আর কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র পেয়েছি।’
আখতার আহমেদ বলেন, ‘তাদের মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না, তা আজ যাচাই-বাছাই করা হবে। এই যাচাই-বাছাইয়ে আমাদের সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা আসবেন এবং তাদের স্বাক্ষরগুলো যাচাই করবেন।’
তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










