spot_img

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ চলবে। ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ।

ভোটগ্রহণের জন্য সংসদকক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট বাক্সে ব্যালট জমা দেবেন।

ভোটগ্রহণ শেষে সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন।

পরে নির্বাচন কমিশন (ইসি) থেকে আজই নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

১৯৯১ সালে দেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফলে এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ