তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে। শুধু মাদক বহনকারীদের ধরলেই হবে না, এর পাচারের পথ বন্ধ করতে হবে। সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়াতে হবে।
সোমবার (৩১ আগস্ট) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান বলেন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামিরা সহজেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তারা যাতে সহজে জামিন পেতে না পারে, সেজন্য আইন সংশোধন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।











