গাজ্জা উপত্যকা থেকে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনিকে সাত বছর মেয়াদে সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব উত্থাপন করেছেন ইহুদিবাদীদের সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলের চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘ডিসএনগেজমেন্ট ৭১০’ নামে প্রস্তাবিত এই কাঠামোয় ধাপে ধাপে গাজ্জাবাসীকে সরিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেন-গভিরের দল ওতজমা ইয়েহুদিত এটিকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ হিসেবে বর্ণনা করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার, তিন বছরের মধ্যে ১১ লাখ ১০ হাজার এবং সাত বছরের মধ্যে প্রায় ১৮ লাখ ৬০ হাজার বাসিন্দাকে গাজ্জা থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য পৃথক একটি অভিবাসন মন্ত্রণালয় গঠনের কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট, মন্ত্রী এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আসন্ন নির্বাচনের পর ভবিষ্যতে যেকোনো সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে এই মন্ত্রণালয় গঠনকে অপরিবর্তনীয় জোটগত শর্ত হিসেবে ঘোষণা করেছে ওতজমা ইয়েহুদিত।
প্রাথমিক পর্যায়ের কাজের অংশ হিসেবে সম্ভাব্য গন্তব্য হিসেবে তুরস্ক, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং কয়েকটি আরব দেশের নাম বিবেচনা করা হয়েছে।
পরিকল্পনায় গাজ্জা থেকে সরিয়ে নেওয়া ব্যক্তিদের জন্য ভ্রমণ, আবাসন ও চাকরির প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্যাকেজের কথা বলা হয়েছে। এসব সহায়তা সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত দেওয়ার প্রস্তাব রয়েছে। অর্থ সরাসরি ইসরাইলি রাষ্ট্রের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিত অর্থায়ন কাঠামোর মাধ্যমে বহন করার কথা বলা হয়েছে।
সূত্র: আল-জাজিরা











