বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের ভেতরের ষড়যন্ত্র এবং নেতা-কর্মীদের একটি অংশের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেন, আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।
গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী ও নেতা আছেন, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু বাইরে এসে ভালো কথা বলেন না। এ সময় কখনো একান্তে জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সতর্ক হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো, আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে নজর রাখার অনুরোধ জানান তিনি।
মির্জা আব্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা।












