জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলেই সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।
কাউন্সিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার কথা দিয়ে কথা রাখছে না। এই সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংস্কার থেকে সরে গেছে। পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে ছিল কোটা প্রথা, আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরি করছেন ‘ভাইভা কোটা’।












