বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো একটি মহল সরকারকে দিয়ে ইসলামবিরোধী কর্মকাণ্ড করানোর অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তরের নামে কোরআনবিরোধী বিল পাস, আইনমন্ত্রীর বক্তব্য, কোরআন মানবজাতির সংবিধান হতে পারে না এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে সমকামিতাকে উৎসাহিত করে এমন গ্রন্থ ‘নেক্সাস’ তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে সরকার ধীরে ধীরে ইসলামবিদ্বেষী হয়ে উঠছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মনে হচ্ছে প্রধানমন্ত্রী আশপাশে কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতকারী, ইসলামবিদ্বেষী লোক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে। প্রধানমন্ত্রী মাছের পোনা ছাড়ার পর ভেসে ওঠা এবং বিশ্বজয়ী হাফেজদের পুরস্কার হিসেবে বিতর্কিত গ্রন্থ, যা সমকামিতার দিকে ধাবিত করে এমন বই উপহার হিসেবে দেওয়া তারই প্রমাণ বহন করে।
দলের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল বারী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা খন্দকার মোশতাক আহমাদ শরীয়তপুরী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি শিহাব উদ্দিন গোপালগঞ্জী, আলহাজ্ব মাওলানা গাজী ইউসুফ, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি মোশাররফ হোসাইন রায়পুরী, মাওলানা শেখ সাদী, মাওলানা মুশফিকুর রহমান জামাল প্রমুখ।











